
লিলুয়া, ২১ জুন (হি. স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার লিলুয়ার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ চত্বরে অনুষ্ঠিত হল যোগাভ্যাস কর্মসূচি। গার্ডিনার রোডের কেলা বাগানে আয়োজিত এই অনুষ্ঠানে ১,২০০-রও বেশি রেলকর্মী, সুপারভাইজার ও আধিকারিক অংশগ্রহণ করেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকরের নির্দেশে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগগুরু ভূপেন্দ্র শুক্লেশ। এদিন অনুষ্ঠানের সূচনায় ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপের প্রধান কর্মশালা ব্যবস্থাপক (সিডব্লিউএম) যতীশ কুমার যোগগুরুকে স্বাগত জানান। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল - ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে অংশগ্রহণকারীদের তাড়াসন, ভুজঙ্গাসন, মকরাসন, যোগ নিদ্রাসন এবং ধ্যানের বিভিন্ন অনুশীলন করান ভূপেন্দ্র শুক্লেশ। সেইসঙ্গে কর্মক্ষেত্রে মানসিক ভারসাম্য, একাগ্রতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে যোগের গুরুত্বও তিনি ব্যাখ্যা করেছেন।
এই অনুষ্ঠানে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি - সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার গ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত