
হুগলি , ২১ জুন (হি.স.): রবিবার যোগ দিবস উপলক্ষে তারকেশ্বর উন্নয়ন ব্লকের ব্যবস্থাপনায় রাজবাড়ি এলাকায় এক বিশেষ যোগা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। এছাড়াও প্রশাসনের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার বহু মানুষ যোগাভ্যাসে অংশগ্রহণ করেন।
এদিনের অনুষ্ঠানে যোগব্যায়ামের বিভিন্ন আসন ও অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। যোগা শিবিরে অংশ নিয়ে বিধায়ক সন্তু পান যোগের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত যোগাভ্যাস শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
বিধায়ক আরও বলেন, যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা। প্রতিদিন অল্প সময় যোগচর্চা করলে মানুষ নানা রোগব্যাধি থেকে দূরে থাকতে পারে এবং সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করতে সক্ষম হয়।
রাজবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই যোগা শিবিরে সকল বয়সের মানুষের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত যোগচর্চার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
আন্তর্জাতিক যোগ দিবসের এই কর্মসূচি থেকে সুস্থ শরীর, সুস্থ মন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। উপস্থিত সকলকে নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান বিধায়ক সন্তু পান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA