বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেলে রাজস্থানের পথে দুর্গাপুরের ঘুগনি বিক্রেতা
দুর্গাপুর, ২১ জুন (হি.স.) : বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও অশান্তির আবহে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে দীর্ঘ সফরে বেরিয়ে পড়লেন দুর্গাপুরের এক ঘুগনি বিক্রেতা। শিল্পশহরের বাসিন্দা শ্যামাপদ শর্মা রবিবার দুর্গাপুর থেকে রাজস্থানের উদ্দেশে যাত্রা
বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেলে রাজস্থানের পথে দুর্গাপুরের ঘুগনি বিক্রেতা


দুর্গাপুর, ২১ জুন (হি.স.) : বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও অশান্তির আবহে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাইকেল নিয়ে দীর্ঘ সফরে বেরিয়ে পড়লেন দুর্গাপুরের এক ঘুগনি বিক্রেতা। শিল্পশহরের বাসিন্দা শ্যামাপদ শর্মা রবিবার দুর্গাপুর থেকে রাজস্থানের উদ্দেশে যাত্রা শুরু করেন। এদিন এডিডিএ ভবনের সামনে তাঁর এই যাত্রার সূচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই।

দুর্গাপুর ইস্পাত কলোনির সেকেন্ডারি রোডের বাসিন্দা শ্যামাপদ শর্মা পেশায় একজন ঘুগনি বিক্রেতা। সীমিত আয়ের মধ্যেও উপার্জনের বড় অংশ সমাজসেবামূলক কাজে ব্যয় করেন তিনি। কোনও সরকারি সহায়তা বা কর্পোরেট পৃষ্ঠপোষকতা ছাড়াই শুধুমাত্র নিজের উপার্জনের টাকায় এই দীর্ঘ সাইকেল সফরে বেরিয়েছেন।

শ্যামাপদবাবু জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও অশান্তির আবহে মানুষের কাছে সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে দিতেই তাঁর এই উদ্যোগ। যাত্রাপথে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও ইচ্ছা রয়েছে তাঁর।

এর আগেও একাধিক সামাজিক বার্তা নিয়ে দীর্ঘ সাইকেল সফর করেছেন শ্যামাপদ শর্মা। ২০১৯ সালে ‘সন্ত্রাসমুক্ত ভারত, জঙ্গিমুক্ত দেশ’-এর বার্তা নিয়ে তিনি সাইকেলে মহারাষ্ট্রের শিরডি পৌঁছেছিলেন। পুলওয়ামায় শহিদ ৪৪ জওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে সাঁইবাবার মন্দিরে প্রার্থনাও করেন। এছাড়া পোলিওমুক্ত ভারতের সচেতনতার বার্তা নিয়ে তিনি লাদাখ ও কন্যাকুমারী পর্যন্ত সাইকেল সফর করেছেন।

বিশ্ব শান্তির বার্তা বহনকারী এই নতুন অভিযানে দুর্গাপুরের বাসিন্দারা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, সীমিত সামর্থ্য নিয়েও সমাজের উদ্দেশে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande