
- শরীরচর্চা সিইএম দেবোলাল, এনসিএইচএসি অধ্যক্ষ মোহিত, বিধায়ক রূপালি, জেলাশাসক গায়ত্রী হাইলিঙদের
হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলায়ও নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা সদর হাফলঙে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগচর্চা করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, বিধায়ক রূপালি লাংথাসা, জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে শনিবার হাফলং যোগ কেন্দ্রে এক যোগ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সহযোগিতায় জাতীয় আয়ুষ মিশন জেলা পর্যায়ের এই যোগ প্রতিযোগিতার আয়োজন করে। মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অব যোগা কর্তৃক প্রণীত ‘কমন যোগা প্রোটোকল’-এর ভিত্তিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা যোগাসনের দক্ষতা প্রদর্শন করেন। এর মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে যোগচর্চার প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে উৎসাহ প্রদান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন।
আজ অনুষ্ঠিত বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বিজয়ীদের পুরস্কৃত করে নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ শরীর ও সুস্থ মন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে যোগব্যায়ামের উপকারিতা এবং স্বাস্থ্যসচেতন জীবনধারার গুরুত্ব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে যোগচর্চা নিয়ে ব্যাপক উৎসাহ ছিল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব