আন্তর্জাতিক যোগ দিবসে দুর্গাপুরে একাধিক কর্মসূচি, শহরজুড়ে উৎসাহ
দুর্গাপুর, ২১ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার শিল্পশহর দুর্গাপুরজুড়ে বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একাধিক যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। ''সুস্থ বার্ধক্যের জন্য যোগ''— এবারের মূল ভাবনাকে সামনে রেখে দিনভর বি
আন্তর্জাতিক যোগ দিবসে দুর্গাপুরে একাধিক কর্মসূচি, শহরজুড়ে উৎসাহ


দুর্গাপুর, ২১ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার শিল্পশহর দুর্গাপুরজুড়ে বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একাধিক যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। 'সুস্থ বার্ধক্যের জন্য যোগ'— এবারের মূল ভাবনাকে সামনে রেখে দিনভর বিভিন্ন প্রান্তে যোগচর্চায় শামিল হন হাজার হাজার মানুষ।

চিত্রালয় ময়দানে আরএসএস প্রেরিত ক্রীড়া সংগঠন ক্রীড়া ভারতী-র দুর্গাপুর নগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩০০ জন অংশ নেন। যোগের ইতিহাস, উপকারিতা এবং আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলা ও যোগচর্চার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে, সেচ দফতরের উদ্যোগে দামোদর নদের বালুচরেও যোগাভ্যাসের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দফতরের আধিকারিকরা। মোহনবাগান ফ্যানস ক্লাবও নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে।

এদিনের সবচেয়ে বড় কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর নগর নিগম, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ), মহকুমা প্রশাসন এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বিপুল সাড়া মেলায় অনলাইন নিবন্ধনের ভিত্তিতে অনুষ্ঠানটি তিনটি ভেন্যুতে ভাগ করা হয়। প্রধান অনুষ্ঠান হয় সিটি সেন্টারের সিধু-কানহু ইনডোর স্টেডিয়ামে।

সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই। তিনি বলেন, নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবস নতুন মাত্রা পেয়েছে এবং বর্তমানে রাজ্যেও এই কর্মসূচি নিয়ে মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া নেহরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আর একটি যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শহিদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগেও যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande