
কলকাতা, ২১ জুন (হি. স.) : দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার পূর্ব রেলের বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। অতিরিক্ত মহাপ্রবন্ধক শীলেন্দ্র প্রতাপ সিং, উচ্চপদস্থ আধিকারিক ড. মহুয়া বর্মা-সহ একাধিক শীর্ষ আধিকারিক তাতে অংশ নেন। ‘আর্ট অফ লিভিং’-এর প্রশিক্ষকের তত্ত্বাবধানে সাধারণ যোগ প্রোটোকল অনুসরণ করে কর্মসূচি পরিচালিত হয়।
উল্লেখ্য, পূর্ব রেলের চারটি বিভাগ ও তিনটি ওয়ার্কশপ মিলিয়ে ২০ হাজারেরও বেশি কর্মী ও আধিকারিক যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন, রেলওয়ে স্কুল, বি. আর. সিং হাসপাতাল, হাওড়া অর্থোপেডিক হাসপাতাল এবং ডিভিশনাল হাসপাতালগুলিতেও যোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রেলকর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির পাশাপাশি কর্মদক্ষতা ও একাগ্রতা বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছে পূর্ব রেল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত