
ধেমাজি (অসম), ২২ জুন (হি.স.) : ধেমাজির গুটুং হাঁহচরায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)-এর দুই আধিকারিকের। দুর্ঘটনায় নিহতদের এসবিআই-এর ধেমাজি শাখার চিফ অ্যাকাউনটেন্ট হীরকজ্যোতি মিলি এবং অ্যাকাউনটেন্ট রাতুল কোঁওর বলে শনাক্ত করা হয়েছে।
দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাতে। লক্ষ্মীপথার থেকে ধেমাজি শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় তাঁদের গাড়ি। এতে গাড়ির ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান হীরকজ্যোতি মিলি এবং রাতুল কোঁওর। নিহতদের মধ্যে একজনের বাড়ি জোনাই এবং অন্যজনের বাড়ি ঢকুয়াখনায় বলে জানা গেছে।
এদিকে, রাতেই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ দুটি। এসবিআই-এর ধেমাজি শাখার দুই কর্মীর আকস্মিক মৃত্যুতে শাখার কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস