মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষ, আহত দুই চালক
কোচবিহার, ২২ জুন (হি.স.): ফের পথ দুর্ঘটনা মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে। সোমবার দুপুরে দোলংমোড় সংলগ্ন এলাকায় একটি যাত্রিবাহী বেসরকারি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতরভাবে জখম হয়েছেন। সামান্য চোট পেয
মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষ, আহত দুই চালক


কোচবিহার, ২২ জুন (হি.স.): ফের পথ দুর্ঘটনা মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে। সোমবার দুপুরে দোলংমোড় সংলগ্ন এলাকায় একটি যাত্রিবাহী বেসরকারি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতরভাবে জখম হয়েছেন। সামান্য চোট পেয়েছেন বাস চালকও। তবে সৌভাগ্যবশত বাসের যাত্রীরা সকলেই নিরাপদ রয়েছেন।

সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মাথাভাঙা থেকে কোচবিহার অভিমুখে যাচ্ছিল একটি যাত্রিবাহী বেসরকারি বাস। পথে দোলংমোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। তবে বাসের গতি নিয়ন্ত্রণে থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বাসের ভেতরে থাকা যাত্রীরা। তাঁদের কারওর গুরুতর চোট লাগেনি। বাস চালক সামান্য জখম হয়েছেন। কিন্তু ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। আহত দুই চালককে উদ্ধার করে স্থানীয় নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙা থানার পুলিশ এবং নিশিগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা। দমকল বাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত যান দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande