রাস্তার বেহাল দশার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের অবরোধ, জনদুর্ভোগ চরমে
আগরতলা, ২২ জুন (হি.স.) : দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাজধানী আগরতলায় ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন অটোচালকরা। ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাসের মহেশখলা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্
সড়ক অবরোধ


আগরতলা, ২২ জুন (হি.স.) : দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাজধানী আগরতলায় ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন অটোচালকরা। ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাসের মহেশখলা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রতিদিন যাত্রী পরিবহনে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

সোমবার সকাল থেকেই বহু অটোচালক রাস্তার উপর অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরের নজরে বিষয়টি আনা হলেও রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাত্রী পরিবহন করতে হচ্ছে।

অটোচালকদের বক্তব্য, এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অসংখ্য যাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার গর্তগুলো জলে ঢেকে যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়।

তাদের দাবি, খারাপ রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শুধু চালকরাই নয়, যাত্রীরাও আহত হচ্ছেন। পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে অটোচালকদের। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করে, যার ফলে সড়কের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে পড়ছে।

অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দেন, পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস এবং দ্রুত কাজ শুরুর ঘোষণা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এদিন আন্দোলনের ফলে ডুকলি ও সংলগ্ন এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বহু যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়।

এদিকে, স্থানীয় বাসিন্দারাও দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে সড়কের এই দুরবস্থার কারণে এলাকাবাসী নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাস্তা সংস্কারের কাজ শুরু করার জন্য প্রশাসন ও পূর্ত দফতরের কাছে দাবি জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande