
কলকাতা, ২২ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের বাজেটকে রাজ্যের প্রথম প্রগতিশীল বাজেট বলে অভিহিত করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, এই বাজেট রাজ্যের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দেবে এবং কর্মসংস্থান ও প্রশিক্ষণের জন্য যাঁরা রাজ্যের বাইরে চলে গিয়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনতে সহায়ক হবে।
সোমবার বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেন, এই বাজেটে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর প্রযুক্তি, রোবোটিক্স, মেশিন লার্নিং-সহ আধুনিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা রাজ্যের পড়ুয়াদের জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ছয় দশক ধরে পশ্চিমবঙ্গ উন্নয়নের যে পথ অনুসরণ করেছে, তা বিশ্বের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বর্তমান বাজেট সেই ধারা থেকে বেরিয়ে এসে শিল্প, প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনের ওপর গুরুত্ব দিয়েছে।
বিজেপি বিধায়কের দাবি, এই বাজেটে কৃষি, শিক্ষা, উচ্চশিক্ষা, প্রযুক্তি শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আইআইটি, আইআইএম-সহ উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানের আদলে দক্ষতা উন্নয়নের পরিকাঠামো তৈরির দিকেও সরকার নজর দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
হিরণ চট্টোপাধ্যায়ের মতে, সামগ্রিকভাবে এই বাজেট পশ্চিমবঙ্গকে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য