
কলকাতা, ২২ জুন (হি. স.):-পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান বৃদ্ধিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হল। সোমবার বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাঁর সরকারের ‘ত্রিশক্তি’ নীতির ভিত্তিতেই কর্মসংস্থানের রূপরেখা তৈরি হয়েছে। এই নীতির প্রথম স্তম্ভ সরকারি চাকরি। তিনি জানান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পুলিশ, বন দপ্তর-সহ বিভিন্ন ক্ষেত্রে মোট এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ২০ হাজার পদ পুলিশ বিভাগে, ৫০ হাজার পদ শিক্ষা ক্ষেত্রে এবং বাকি ৩০ হাজার পদ বিভিন্ন সরকারি দপ্তরে পূরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে কোনও রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ কমিটিতে রাখা হবে না বলেও জানান তিনি।ত্রিশক্তির দ্বিতীয় স্তম্ভ বেসরকারি শিল্প ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগ। ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারী সংস্থাকে স্থানীয় স্তরের অনুমতির বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের হয়রানি ও তোলা আদায় রুখতে সিন্ডিকেটবিরোধী কড়া আইন আনার কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে।তৃতীয় স্তম্ভ হিসেবে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের ব্যবসা শুরু করতে ঋণ ও ভর্তুকি দেওয়ার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই নীতির মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়