
শিলিগুড়ি, ২২ জুন (হি. স.): পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হওয়া নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটকে “ঐতিহাসিক” বলে বর্ণনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সোমবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই বাজেট রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত বড় ও সদর্থক পদক্ষেপ। বিগত ১৫ বছরে রাজ্য উন্নয়নের নিরিখে যে পরিমাণ পিছিয়ে পড়েছিল, বর্তমান সরকার এখন দ্রুত সেই শূন্যস্থান পূরণ করার কাজ শুরু করেছে।
উত্তরবঙ্গের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের মানুষ দু’হাত উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে আসছেন। আর সাধারণ মানুষের সেই বিশ্বাসের মর্যাদা দিয়েই এবার উত্তরবঙ্গে অভূতপূর্ব গতিতে উন্নয়নমূলক কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি যে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং কাজের ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক, তা এই বাজেটেই প্রমাণিত। উত্তরবঙ্গ থেকে একাধিক জনপ্রতিনিধিকে মন্ত্রী করার পাশাপাশি বাজেটেও এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক প্রগতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
পূর্বতন তৃণমূল ও বাম সরকারের তীব্র সমালোচনা করে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বিগত শাসনকালে রাজ্যে যে বিশাল ‘উন্নয়নের খাদ’ তৈরি হয়েছিল, তা বোজানোর কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। তাঁর কথায়, “উত্তরবঙ্গ এখন বিদ্যুতের গতিতে এগিয়ে চলেছে।” বিমানবন্দর থেকে শুরু করে আইআইটি এবং পুরসভাগুলির পরিকাঠামো সম্প্রসারণের কাজ এর অন্যতম প্রমাণ। তিনি আরও যোগ করেন, আগের সরকারগুলি যেখানে রাজস্ব আদায়ের জন্য প্রধানত মদের ওপর নির্ভরশীল ছিল, সেখানে নতুন সরকার রাজ্যের নিজস্ব আয় বাড়ানোর জন্য বিকল্প ও স্থায়ী দিশায় কাজ করছে। এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির বিকাশের জন্যও এই বাজেটে বিশেষ আর্থিক বরাদ্দ ও পদক্ষেপের ব্যবস্থা রাখা হয়েছে বলে সুকান্ত মজুমদার উল্লেখ করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি