কবীন্দ্র পুরকায়স্থ (মরণোত্তর) সহ অসমের চার বিশিষ্ট ব্যক্তি এবং নাগাল্যান্ডের শিল্পীকে পদ্মশ্রী সম্মান
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : কবীন্দ্র পুরকায়স্থ (মরণোত্তর) সহ অসমের চার বিশিষ্ট ব্যক্তি এবং নাগাল্যান্ডের শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির অন্যতম ‘পদ্ম পুরস্কার’ আজ মঙ্গলবার রাষ্
প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের হয়ে রাষ্ট্রপতির হাত থেকে মরণোত্তর পদ্মশ্রী গ্রহণ করেছেন তাঁর সাংসদ-পুত্র কণাদ


নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : কবীন্দ্র পুরকায়স্থ (মরণোত্তর) সহ অসমের চার বিশিষ্ট ব্যক্তি এবং নাগাল্যান্ডের শিল্পীকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির অন্যতম ‘পদ্ম পুরস্কার’ আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মানে ভূষিত করেন। চলতি বছরের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকায় উত্তর-পূর্বাঞ্চলের একাধিক কৃতী ব্যক্তিত্ব স্থান পেয়ে সমগ্র অঞ্চলের গৌরব বৃদ্ধি করেছেন।

রাষ্ট্রপতি ভবনে আজকের এই বিশেষ অনুষ্ঠানে অসমের চারজন বিশিষ্ট ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ‘পদ্মশ্রী’ সম্মান গ্রহণ করেছেন। অসম থেকে সম্মানপ্রাপ্ত ব্যক্তিরা যথাক্রমে কবীন্দ্র পুরকায়স্থ (মরণোত্তর), নুরুদ্দিন আহমেদ, যোগেশ দেউরি এবং পখিলা লেকথেপি।

সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কবীন্দ্র পুরকায়স্থের হয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করেছেন তাঁর সাংসদ (রাজ্যসভা্)-পুত্র কণাদ পুরকায়স্থ।

এছাড়া নুরুদ্দিন আহমেদকে শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, যোগেশ দেউরিকে কৃষি ও রেশম শিল্পে বিশেষ কৃতিত্বের জন্য এবং পখিলা লেকথেপিকে কার্বি লোকসংগীত ও লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদ্মশ্রী প্রদান করা হয়েছে।

এছাড়া, নাগাল্যান্ডের বিশিষ্ট শিল্প-সংস্কৃতি ব্যক্তিত্ব গুরু চাংইউচাং এস পঞ্জেনে দীর্ঘদিন ধরে লোকশিল্প ও আও-নাগা সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশে অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন।

দেশের এই সর্বোচ্চ সম্মান লাভ করে সকল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই স্বীকৃতি তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতেও সমাজ ও দেশের কল্যাণে, বিশেষ করে নিজ নিজ কর্মক্ষেত্রে, আরও বেশি নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে বহু বিশিষ্টজনের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande