
হুগলি , ২৪ জুন (হি.স.): সারা দেশের সঙ্গে বুধবার আরামবাগেও ভক্তিভরে পালিত হল দশহারা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই দিনেই মা মনসার বিশেষ আরাধনা করা হয়। সেই উপলক্ষে বাড়ি বাড়ির পাশাপাশি বিভিন্ন মনসা মন্দিরেও আয়োজিত হয় বিশেষ পুজো ও ধর্মীয় অনুষ্ঠান।
আরামবাগ শহরের মনসাতলা এলাকায় অবস্থিত প্রায় ১০০ বছর পুরনো ঐতিহ্যবাহী মনসা মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো, অর্চনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে বহু ভক্ত মা মনসার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হন।
মন্দির কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এ বছরও দশহারা উপলক্ষে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে মন্ত্রোচ্চারণ, পূজার্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ভক্তদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থাও করা হয়েছিল।
ভক্তদের মতে, মা মনসার কৃপায় সংসারের মঙ্গল, রোগ-ব্যাধি থেকে মুক্তি এবং সুখ-সমৃদ্ধি লাভ হয়। সেই বিশ্বাস থেকেই দশহারা তিথিতে মা মনসার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।
শতবর্ষ প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করে এদিন ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে মনসাতলা এলাকা। ভক্তি, আস্থা ও ঐতিহ্যের মেলবন্ধনে দশহারা উৎসব উদযাপিত হয় অত্যন্ত সাড়ম্বরে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA