
ফতেহপুর, ২৪ জুন (হি.স.): পারিবারিক বিবাদের জেরেই বাবা তার ছেলে ও পুত্রবধূকে গুলি করার ঘটনা সামনে এল উত্তর প্রদেশের ফতেহপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার, বিন্ডকি থানার অন্তর্গত সীতাপুর গ্রামে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম রামখিলাওয়ান ভার্মা। সে সীতাপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর পলাতক অভিযুক্ত।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, পারিবারিক বিবাদ চরমে পৌঁছালে রামখিলাওয়ান গুলি করে তার ছেলে ও পুত্রবধূকে। গুলিতে পুত্রবধূর পেটে এবং ছেলের হাতে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হলে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা দুজনেই চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বাজেয়াপ্ত করে অপরাধে ব্যবহৃত বন্দুকটি । পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে শীঘ্র গ্রেফতার করার এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক