ফরেস্ট অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ আরামবাগে
হুগলি , ২৪ জুন (হি.স.) : চাদুর ফরেস্টে খুনের ঘটনায় ক্ষোভ, রেঞ্জার অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ আরামবাগে। আরামবাগের চাদুর ফরেস্ট এলাকায় খুন হওয়া আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা বাগ (৬৭)-এর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার তীব্র উ
ফরেস্ট অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ


হুগলি , ২৪ জুন (হি.স.) : চাদুর ফরেস্টে খুনের ঘটনায় ক্ষোভ, রেঞ্জার অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ আরামবাগে। আরামবাগের চাদুর ফরেস্ট এলাকায় খুন হওয়া আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা বাগ (৬৭)-এর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায়। মৃতের দেহ আরামবাগ ফরেস্ট রেঞ্জার অফিসের সামনে রেখে বিক্ষোভে সামিল হন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। খুনের ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ।

বিক্ষোভকারীদের অভিযোগ, জঙ্গলের মধ্যে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সঠিক তদন্ত এবং প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবিতে তারা রেঞ্জার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানান, বন দফতর ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্তকারী সংস্থাকে সর্বতোভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।

রেঞ্জারের আশ্বাসের পর বিক্ষোভকারীরা শান্ত হন এবং প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন। তবে মনসা বাগের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে এখনও শোক ও ক্ষোভের পরিবেশ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

ঘটনাকে কেন্দ্র করে চাদুর ফরেস্ট ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসন পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande