নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো লরি আরামবাগে
হুগলি , ২৪ জুন (হি.স.): বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে গোয়ালে, তারপর একটি দোকানে ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল আরামবাগের দৌলতপুর এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে বর্ধমানের দ
দুর্ঘটনা আরামবাগের


হুগলি , ২৪ জুন (হি.স.): বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে গোয়ালে, তারপর একটি দোকানে ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল আরামবাগের দৌলতপুর এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী লরি। দৌলতপুর এলাকায় পৌঁছতেই হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। এরপর লরিটি প্রথমে রাস্তার ধারের একটি গোয়ালে ধাক্কা মারে এবং তারপর একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে।

এই দুর্ঘটনায় গোয়ালে থাকা বেশ কয়েকটি গরু আহত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দোকানটি সম্পূর্ণরূপে ভেঙে যায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে দুর্ঘটনার সময় দোকানে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন লরিটি গোয়াল ও দোকান ভেঙে ঢুকে রয়েছে। মুহূর্তের মধ্যেই এলাকায় ভিড় জমে যায়।

অভিযোগ, দুর্ঘটনার পরই লরির চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষতিগ্রস্ত লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ জানা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande