
সোনভদ্র, ২৫ জুন (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। চোপান থানা এলাকার বারাণসী-শক্তিনগর সড়কে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে পিছন থেকে একটি নিয়ন্ত্রণহীন দ্রুতগামী ম্যাজিক ভ্যান ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গুরুদেব আশ্রম, গুরুমুরা এলাকার কাছে বারাণসী-শক্তিনগর সড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ম্যাজিক ভ্যানে থাকা রবার্টসগঞ্জের লোধি এলাকার বাসিন্দা মনোজ কুমার (৩২) এবং ছপকা এলাকার বাসিন্দা শ্যাম বাবু (৩৬)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় ম্যাজিক ভ্যানের চালক চুর্ক এলাকার বাসিন্দা রাজকুমারের ছেলে চন্দন গুপ্ত (৪২), ছপকার বাসিন্দা শিবা (২১) এবং গড়ওয়াল, দুধির বাসিন্দা বিনয় কুমার (২১) আহত হন।
দুর্ঘটনা দেখে পথচারীরা পিআরভি ও চোপান থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চোপান কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। দুর্ঘটনার পর মনোজ কুমারের দেহ ম্যাজিক ভ্যানের ভিতরে আটকে যায়। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়। আহত চন্দন গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর দুই আহতের চোট তুলনামূলকভাবে কম হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
চোপান থানার উপ-পরিদর্শক বিনোদ যাদব জানান, একটি ম্যাজিক ভ্যানে ডিজে সরঞ্জাম নিয়ে কয়েকজন ব্যক্তি বুধবার দুধি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ফেরার পথে গুরুমুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটির খোঁজ শুরু হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস