
গুয়াহাটি, ২৬ জু্ন (হি.স.) : বৃহস্পতিবার দিবাগত রাত ১২-টা ০২ মিনিট ১৩ সেকেন্ডে অম্বুবাচি মহাযোগের নিবৃত্তির পর আজ শুক্রবার সহধৰ্মিণী কুমুদ দেবীকে সঙ্গে নিয়ে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচাৰ্য। পুজো দিয়ে তিনি মা কামাখ্যার কাছে অসমবাসীর সুখ-সমৃদ্ধি, শান্তি এবং রাজ্যের সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রার্থনা জানান। পাশাপাশি 'বিকশিত ভারত' বস্তবায়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শক্তি প্রদানের জন্য মা কামাখ্যার কাছে প্রার্থনা করেছেন।
মায়ের পুজো শেষে মন্দির চত্বরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হলে রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ বলেন, ‘অসমবাসীর সুখ-সমৃদ্ধি, শান্তি এবং রাজ্যের সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রার্থনা করেছি, মায়ের কাছে আমি বিকশিত ভারত বাস্তবায়ন এবং ভারতের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শক্তি প্রদানের প্রার্থনা করেছি।’
তিনি বলেন, ‘অম্বুবাচি মহাযোগে আগত ভক্তবৃন্দের নির্বিঘ্নে মাতৃ দর্শন নিশ্চিত করতে প্ৰশাসন এবং মন্দির পরিচালন কমিটি ব্যবস্থা সুসংগঠিত করেছে। নিৰ্বিঘ্নে অম্বুবাচি মহাযোগ সম্পন্ন করতে প্রশাসন এবং অন্যান্য বেসরকারি সংগঠন বহু পরিশ্রম করেছে।’ এজন্য তিনি সংশ্লিষ্টদের পাশাপাশি আগত ভক্তবৃন্দ, পর্যটক, বিভিন্ন আখড়া ও সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীদের ধন্যবাদ জানিয়েছেন। দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক ভক্ত ও তীর্থযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজ্যপাল বলেন, তাঁদের সহযোগিতা ও অগাধ বিশ্বাসের কারণেই বার্ষিক এই আধ্যাত্মিক উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
মেলার সময় শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্য বজায় রাখার জন্য রাজ্যপাল সকল ভক্তের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস