
ঝাড়গ্রাম, ২৭ জুন (হি.স.) : ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার দহিজুড়ি বাজারে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পান ও মোবাইলের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের ভিতরে থাকা প্রায় সমস্ত জিনিস-পত্র আগুনে কার্যত ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাজারের ব্যবসায়ীরা প্রথমে একটি দোকান থেকে পোড়া গন্ধ পান। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দোকানের মালিক রাকেশ দাসকে খবর দেওয়া হয়। পাশাপাশি দমকল ও পুলিশকেও ঘটনাটি জানানো হয়।
দমকল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত দোকানের ভিতরে ছড়িয়ে পড়ে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভিতরে থাকা মোবাইল ফোন, মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, আনুষঙ্গিক সামগ্রী, পান-মশলার মজুত এবং অন্যান্য জিনিস-পত্র সম্পূর্ণ পুড়ে যায়।
দোকানের মালিক রাকেশ দাস জানান, আগুন লাগার সময় দোকান বন্ধ ছিল। সকালে খবর পেয়ে এসে দেখেন গোটা দোকান আগুনে গ্রাস করেছে। তাঁর দাবি, এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো