বসিরহাট লোকসভা-সহ তিন কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির
কলকাতা, ২৭ জুন (হি.স.) : বসিরহাট লোকসভা কেন্দ্র-সহ পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে উপনির্বাচনের দাবি জানাল বিজেপি। দলের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনটি কেন্দ্রই জনপ্রতিনিধিহীন অবস্থায় রয়েছে। গণতান্ত্রিক স্বার্থে নির্বাচন কমিশনের উচিত আর
বসিরহাট লোকসভা-সহ তিন কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির


কলকাতা, ২৭ জুন (হি.স.) : বসিরহাট লোকসভা কেন্দ্র-সহ পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে উপনির্বাচনের দাবি জানাল বিজেপি। দলের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনটি কেন্দ্রই জনপ্রতিনিধিহীন অবস্থায় রয়েছে। গণতান্ত্রিক স্বার্থে নির্বাচন কমিশনের উচিত আর দেরি না করে একইসঙ্গে তিনটি কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করা।

লোকসভা কেন্দ্রগুলির মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হলেও ওই বছরের ২৫ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু হয়। এরপর প্রায় দুই বছর কেটে গেলেও এখনও সেখানে উপনির্বাচনের ঘোষণা হয়নি।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বসিরহাট সফরে যান। সেখানে সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের পাশাপাশি রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রেও দ্রুত উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একইসঙ্গে সম্ভাব্য নির্বাচনের কথা মাথায় রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করা এবং সম্ভাব্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বসিরহাট লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে প্রতিনিধিহীন অবস্থায় রয়েছে। একটি লোকসভা কেন্দ্রের মানুষকে এতদিন জনপ্রতিনিধি ছাড়া রাখা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। তাই নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি।

রাজ্যে যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে, সেগুলি হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম— দুই কেন্দ্র থেকেই জয়ী হন। ভবানীপুর কেন্দ্রে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। পরে ভবানীপুর কেন্দ্রটি নিজের কাছে রেখে নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন তৈরি হয়েছে।

অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর— উভয় কেন্দ্র থেকেই জয়ী হন। পরে তিনি নওদা আসনটি বজায় রাখার সিদ্ধান্ত নিলে রেজিনগর বিধানসভা কেন্দ্রটিও শূন্য হয়ে পড়ে। ফলে ওই কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা।

এই পরিস্থিতিতে বসিরহাট লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্র— তিনটিতেই একইসঙ্গে দ্রুত উপনির্বাচন আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande