
কোচবিহার, ২৭ জুন (হি.স.) : আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের নিশিগঞ্জের কোদালখেতি গ্রাম। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এক উপভোক্তাকে চার হাজার টাকা ফেরত দিতে বাধ্য হলেন স্থানীয় এক তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আবাস যোজনার উপভোক্তাদের একাংশ অভিযোগ তোলেন, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির চাপে পড়ে স্থানীয় তৃণমূল নেতা উকিল বর্মণ এক উপভোক্তাকে চার হাজার টাকা ফেরত দেন।
বিক্ষোভের মধ্যেই উকিল বর্মণ দাবি করেন, গ্রামে আবাস যোজনার ৬২ জন উপভোক্তার কাছ থেকে টাকা সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ আরও বাড়ে গ্রামবাসীদের মধ্যে।
অভিযোগ, শুধু আবাস যোজনাই নয়, ১০০ দিনের কাজের জব কার্ড তৈরি করে দেওয়ার নামেও বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই গ্রামবাসীরা অন্যান্য স্থানীয় নেতাদের বাড়ির সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করেন।
গ্রামবাসীদের একাংশের দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের প্রত্যেককে দ্রুত সেই অর্থ ফেরত দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গ্রামবাসীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য