ধর্মনগরে জুয়েলারিতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার উধাও
ধর্মনগর (ত্রিপুরা), ২৭ জুন (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের ব্যস্ততম বিকে রোড এলাকায় অনিকা জুয়েলারিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীরা দোকান থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে
চুরি


ধর্মনগর (ত্রিপুরা), ২৭ জুন (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের ব্যস্ততম বিকে রোড এলাকায় অনিকা জুয়েলারিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীরা দোকান থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দোকানের মালিক। ঘটনার পর শহরের ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, এক ব্যক্তি জুয়েলারি দোকানে প্রবেশ করে পরিকল্পিতভাবে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। চুরির বিষয়টি পরে দোকান কর্তৃপক্ষের নজরে এলে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়।

ঘটনার গুরুত্বপূর্ণ দিক হল, পুরো চুরির ঘটনাটি দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ফুটেজে অভিযুক্তের দোকানে প্রবেশ, সন্দেহজনক গতিবিধি এবং চুরির দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ তুলে দিয়েছেন দোকানের মালিক।

দোকানের মালিক জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের জন্য দোকানের স্টক মিলিয়ে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে এবং চুরি যাওয়া গয়নাও উদ্ধার হবে।

অভিযোগ পাওয়ার পর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেফতারের জন্য বিভিন্ন সম্ভাব্য এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি চুরি হওয়া স্বর্ণালঙ্কার কোথাও বিক্রির চেষ্টা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দিনদুপুরে শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা শহরের বাজার এলাকায় পুলিশের টহল বাড়ানো, গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি জোরদার করা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশের দাবি, তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande