
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২৭ জুন (হি.স.): ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া টিটিএএডিসি ভিলেজের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায় হৃদয়বিদারক ঘটনায় নিজের দুই শিশু সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মদ্যপ বাবার বিরুদ্ধে। শনিবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা মহকুমাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত লালছুয়ানামা ব্রু শনিবার সকাল সাতটার দিকে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রামতারুঙ ব্রু-র সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি স্ত্রীর ওপর হামলা চালালে রামতারুঙ প্রাণ বাঁচাতে এক সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান।
কিন্তু ঘরের ভেতরে রয়ে যায় তাঁদের আরও দুই সন্তান—১২ বছরের কন্যা রিসিকা ব্রু এবং ৬ বছরের পুত্র প্রিসমাইয়া ব্রু। অভিযোগ, স্ত্রীর ওপর ক্ষোভে উন্মত্ত হয়ে লালছুয়ানামা ঘরে থাকা জ্বালানি কাঠ দিয়ে দুই শিশুকে বেধড়ক মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে গণ্ডাছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম সরকার পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে পাঠান। পরে গ্রামবাসীদের সহযোগিতায় গভীর জঙ্গল থেকে অভিযুক্ত লালছুয়ানামা ব্রুকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের পেছনের সমস্ত দিক খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের হারিয়ে মায়ের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ