
শিলিগুড়ি, ২৭ জুন (হি.স.) : উত্তরবঙ্গ খুব শীঘ্রই একটি বড় ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে। শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করে তার বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ । একই সঙ্গে উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অবস্থা অত্যন্ত খারাপ। চারদিকে অব্যবস্থা এবং জীর্ণ পরিকাঠামোর চিত্র চোখে পড়ছে। তাই শুধু এই স্টেডিয়ামের সংস্কারই নয়, উত্তরবঙ্গে একটি নতুন আন্তর্জাতিক মানের আধুনিক স্টেডিয়ামও তৈরি করা হবে।
পরিদর্শনের সময় তিনি স্থানীয় ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। উত্তরবঙ্গে ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী করার উপর জোর দিয়ে মন্ত্রী জানান, রাজ্য সরকারের লক্ষ্য আগামী দিনে উত্তরবঙ্গকে দেশের ক্রীড়া মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য