ত্রিপুরায় শুরু আন্তর্জাতিক ‘লিভার কন’ সম্মেলন, রোগ প্রতিরোধ ও চিকিৎসায় জোর
আগরতলা, ২৭ জুন (হি.স.) : যকৃত (লিভার) সংক্রান্ত বিভিন্ন রোগের প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শনিবার আগরতলায় শুরু হয়েছে ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক ‘লিভার কন’ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম
'লিভার কন' সম্মেলন


আগরতলা, ২৭ জুন (হি.স.) : যকৃত (লিভার) সংক্রান্ত বিভিন্ন রোগের প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শনিবার আগরতলায় শুরু হয়েছে ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক ‘লিভার কন’ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি)-এর কেএলএস অডিটোরিয়ামে। দেশ-বিদেশের ২৫ জন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানী এতে অংশগ্রহণ করেছেন।

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ২০১১ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক মানের এই সম্মেলনের আয়োজন করে আসছে। এবারও লিভারের বিভিন্ন জটিল রোগ, প্রতিরোধ, আধুনিক চিকিৎসা এবং গবেষণার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করবেন।

সম্মেলনের উদ্বোধনী দিনে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক জানান, বর্তমান সময়ে লিভারজনিত রোগ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একত্রিত করে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, এবারের সম্মেলনে আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে লিভার ইনফেকশন, ভাইরাল হেপাটাইটিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, লিভার ট্রান্সপ্লান্টেশন এবং লিভার রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি। এছাড়াও চিকিৎসা গবেষণার নতুন দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

ডা. ভৌমিক আরও জানান, সম্মেলনে পদ্মশ্রী ডাঃ এসকে সেরিন, পদ্মশ্রী ডাঃ ওয়াইকে চাওলা, ডাঃ মহেশ গোয়েঙ্কা-সহ দেশের বিশিষ্ট হেপাটোলজিস্ট ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বক্তব্য রাখবেন। তাঁদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে 'কমিউনিটি হেপাটোলজি' বিষয়ক একটি বিশেষ অধিবেশন। এই অধিবেশনে আলোচনা হবে কীভাবে খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতার মাধ্যমে লিভারের বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায় এবং সেই বার্তা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ত্রিপুরার প্রায় ২৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন। বিশেষজ্ঞদের বক্তব্য, মতবিনিময় এবং বৈজ্ঞানিক আলোচনা রাজ্যের চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি লিভার রোগের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে লিভার রোগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা যেমন বাড়বে, তেমনি চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসা ও গবেষণার নতুন দিগন্তও উন্মোচিত হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande