
রায়পুর, ২৭ জুন (হি.স.) : অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন অভিনেতা সোনু সুদ। তাঁর কথায়, কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তদের দেওয়া অনুদানে দুর্নীতি বা চুরি শুধু আর্থিক অপরাধ নয়, কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গেও বিশ্বাসঘাতকতা।
ছত্তিশগড়ের দুর্গ জেলায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সোনু সুদ। পরে ভিলাই ও দুর্গের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি একই প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন।
অভিনেতার বক্তব্য, মন্দির, মসজিদ, গির্জা বা যে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ গভীর আস্থা ও বিশ্বাস থেকে অনুদান দেন। সেই অর্থ আত্মসাৎ বা অপব্যবহার অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
সোনু সুদ আরও বলেন, যারা ঈশ্বরের নামে দেওয়া অনুদানের অর্থেও দুর্নীতি করে, তাদের প্রতি কোনও ধরনের নমনীয়তা দেখানো উচিত নয়। এমন ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা সমাজকল্যাণ ও জনহিতকর কাজে ব্যয় করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, রামমন্দিরের এই ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পূর্ণ হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
এদিন নিট পরীক্ষা এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়েও নিজের মতামত জানান অভিনেতা। ভিলাইয়ে 'এসএসসিসি বার্ষিক বৈঠক ২০২৬' এবং নাগসেন হায়ার সেকেন্ডারি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, কোনও পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করা উচিত নয়। একটি পরীক্ষার ফল কখনওই কোনও শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না। তাই সন্তানদের জন্য চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করা পরিবার ও সমাজের দায়িত্ব।
অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে সোনু সুদের মন্তব্য, সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা বদলায়। অনেক সময় মানুষ পথভ্রষ্ট হলেও শেষ পর্যন্ত সঠিক পথেই ফিরে আসে। এই ধরনের সংবেদনশীল বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন।
নিজের সামাজিক কাজের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, তিনি নিজেকে কোনও একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ মনে করেন না। তাঁর একমাত্র লক্ষ্য দেশের যে কোনও প্রান্তের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়ানো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য