
নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : প্রশ্নফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব এবং বাড়তে থাকা শিক্ষার খরচের বিরুদ্ধে দেশজুড়ে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে শুরু হওয়া ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে সফল করার আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই কর্মসূচির সফল বাস্তবায়নে দলের সমস্ত সাংগঠনিক স্তরকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, রাজ্য পর্যবেক্ষক, প্রদেশ কংগ্রেস সভাপতি, বিভিন্ন বিভাগের প্রধান এবং জেলা ও শহর কংগ্রেস কমিটির সভাপতিদের উদ্দেশে একটি চিঠি পাঠান রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, ভারতীয় যুব কংগ্রেস ও এনএসইউআই পরিচালিত এই দেশব্যাপী শিক্ষামূলক অভিযানে দলের প্রতিটি সংগঠনকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে, যাতে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে একটি ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেওয়া যায়।
চিঠিতে রাহুল গান্ধী অভিযোগ করেন, বারবার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা গ্রহণ, সরকারি নিয়োগে দীর্ঘসূত্রিতা, বিপুল সংখ্যক শূন্যপদ এবং ক্রমবর্ধমান বেকারত্ব দেশের যুবসমাজকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। পাশাপাশি শিক্ষার ব্যয়ও লাগাতার বেড়ে চলায় ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের উপর আর্থিক এবং মানসিক চাপ বাড়ছে।
সম্প্রতি রাজস্থানের কোটায় অনুষ্ঠিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের উপর অসহনীয় চাপ সৃষ্টি করছে এবং বহু পরিবারকে ঋণের বোঝা বহন করতে বাধ্য করছে। এই পরিস্থিতি বদলানো জরুরি।
রাহুল গান্ধী বলেন, যুবসমাজের সঙ্গে যে অবিচার ও শোষণ চলছে, তার প্রকৃত চিত্র মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই কর্মসূচিকে আরও জোরদার করতে হবে। তিনি দলের সমস্ত নেতৃত্বের কাছে আবেদন জানান, একযোগে কাজ করে এমন একটি নতুন শিক্ষা ও কর্মসংস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে তরুণ প্রজন্ম ন্যায্য সুযোগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সহায়তা পাবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য