
কলকাতা, ২৭ জুন (হি. স.) : এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর প্রবীণ নেতা রবীন সমাজপতি প্রয়াত হয়েছেন। দলের প্রবীণ পলিটব্যুরো সদস্য তথা ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক রবীন সমাজপতি গত বৃহস্পতিবার দুপুরে ২টা ৪০ মিনিটে কলকাতার মল্লিক বাজারের কাছে ন্যাশনাল নিউরো সায়েন্সেস সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দলীয় সূত্রে জানা গিয়েছে, স্মৃতিভ্রংশ, উচ্চ রক্তচাপ এবং মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়ায় গত ২৪ জুন রাতে তাঁকে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ন্যাশনাল নিউরো সায়েন্সেস সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই গত বৃহস্পতিবার তিনি প্রয়াত হন।
উল্লেখ্য, রবীন সমাজপতি এক সময় সারা ভারত ডি এস ও-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছিলেন। পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র আন্দোলন এবং গণআন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। প্রাথমিক স্তর থেকে ইংরেজি শিক্ষা এবং পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি, ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় দেশব্যাপী আন্দোলন সংগঠিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ জুন সকাল ১১টা থেকে কলকাতার ৪৮, লেনিন সরণিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে। বেলা ১টায় সেখান থেকেই তাঁর শেষযাত্রা শুরু হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত