
অযোধ্যা, ২৭ জুন(হি.স.) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে শনিবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজের স্বাক্ষরিত এই বিবৃতিতে সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি বেশ কিছু বড় ও কড়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, শ্রীরাম মন্দিরে গত কয়েক দিনে ঘটে যাওয়া কিছু ঘটনায় ট্রাস্ট গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ। সমস্ত রামভক্ত ও রামসেবকদের প্রতিনিধি হিসেবে ট্রাস্ট এই ঘটনার ন্যায়সঙ্গত তদন্ত এবং ভক্তদের আশ্বস্ত করতে সম্পূর্ণ দায়বদ্ধ। এই পরিস্থিতির মধ্যেই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক শ্রী চম্পত রাই এবং ট্রাস্টি শ্রী অনিল মিশ্র তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। ট্রাস্টের আগামী বৈঠকে এই ইস্তফাপত্রগুলি নিয়ে গুরুত্ব সহকারে বিচার ও আলোচনা করা হবে।
মন্দিরের দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ বা অনুদান সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে ট্রাস্টের আবেদনের ভিত্তিতে উত্তর প্রদেশ সরকার ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। সেই সিট-এর দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদনের ওপর ভিত্তি করে ট্রাস্টের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জারি রয়েছে।
পাশাপাশি, যে সমস্ত শ্রদ্ধালু ভক্তরা প্রভু শ্রী রামের সেবায় রূপোর ইট, অলঙ্কার বা অন্যান্য মূল্যবান সামগ্রী ট্রাস্টের আধিকারিকদের কাছে ব্যক্তিগতভাবে সঁপেছিলেন, সেই সমস্ত বস্তু সম্পূর্ণ হিসাব-নিকাশ সহ একদম সুরক্ষিত রয়েছে বলে কোষাধ্যক্ষ নিশ্চিত করেছেন।
ট্রাস্টের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে যে, ভবিষ্যতে যাতে এমন কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করা হবে। কোনো অসামাজিক, অধার্মিক বা স্বার্থান্বেষী মহলকে সনাতন ধর্মের ওপর লাঞ্ছনা লাগানোর প্রচেষ্টায় সফল হতে দেওয়া হবে না এবং অপরাধীদের কঠোর আইনি শাস্তির ব্যবস্থা করা হবে। ট্রাস্ট সকলকে অনুরোধ করেছে, যেন কেউ কোনো ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন গুজবে কান না দেন এবং এই ধরনের অপপ্রচারের শিকার না হন। সবশেষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে যে, খুব শীঘ্রই এই সমস্ত কালো মেঘ কেটে গিয়ে সত্যের আলো প্রকাশ পাবে এবং শ্রীরামভক্তির ধারা অক্ষুণ্ন থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি