
বাঁকুড়া, ২৮ জুন (হি.স.): জাতীয় পালস পোলিও অভিযানের অগ্রগতি ও স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে রবিবার বাঁকুড়া জেলার তালডাংড়া গ্রামীণ হাসপাতাল এবং জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি) পরিদর্শন করেন স্বাস্থ্য অধি দফতরের অধিকর্তা ডা. স্বপন কুমার সোরেন। তিনি পোলিও বুথের ব্যবস্থা, শিশুদের পোলিও টিকা প্রদান এবং স্বাস্থ্যকর্মীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করে শতভাগ সফলতার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।
পরিদর্শনকালে তালডাংড়া গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগ, জরুরি পরিষেবা, রোগী পরিচর্যা, ওষুধের প্রাপ্যতা এবং বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখেন তিনি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিষেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি টেলিফোনে কয়েকজন রোগীর সঙ্গে সরাসরি কথা বলে হাসপাতালের পরিষেবা সম্পর্কে মতামত নেন এবং রোগীকেন্দ্রিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নত করা হয়েছে এবং পর্যায়ক্রমে আধুনিক চিকিৎসা পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তালডাংড়া গ্রামীণ হাসপাতালের বিএমও ডা. দিব্যমান চট্টোপাধ্যায় জানান, হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পরিষেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। তিনি বলেন, জেলায় পালস পোলিও অভিযান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনও যোগ্য শিশু যাতে পোলিও টিকা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমওএইচ ডা. শ্যামল সোরেন, ডেপুটি সিএমওএইচ-১ ডা. বর্ণমন টুডু, ডিটিও ডা. তন্ময় ঘোষ, তালডাংড়া গ্রামীণ হাসপাতালের বিএমও ডা. দিব্যমান চট্টোপাধ্যায়, ডা. অরিত্র ভান্ডারী-সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক ও আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট