
আগরতলা, ২৮ জুন (হি.স.) : ত্রিপুরার জিআই-স্বীকৃত সুস্বাদু কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আয়োজিত 'ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল-২০২৬'-এর দ্বিতীয় দিনে মিলল বড় বাণিজ্যিক সাফল্য। রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বায়ার-সেলার মিটে প্রায় ১১ কোটি টাকার সম্ভাব্য বাণিজ্যমূল্যের ১৮টি লেটার অব ইনটেন্ট (এলওআই) আদান-প্রদান হয়েছে। এই সাফল্যকে ত্রিপুরার কৃষি ও উদ্যানজাত পণ্যের বিপণন এবং রপ্তানির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিকেলে অনুষ্ঠিত বায়ার-সেলার মিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আপেডার ডেপুটি জেনারেল ম্যানেজার সুনিতা রাই-সহ কৃষি, বিপণন ও রপ্তানি ক্ষেত্রের বিশিষ্ট প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপুরার কুইন আনারস ইতিমধ্যেই দেশ-বিদেশে স্বাদ ও গুণগত মানের জন্য বিশেষ পরিচিতি অর্জন করেছে। এখন প্রয়োজন এই পণ্যের মূল্য শৃঙ্খলকে আরও শক্তিশালী করা, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা, কার্যকর ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণ। এর মাধ্যমে রাজ্যের কৃষকদের আয় যেমন বাড়বে, তেমনি ত্রিপুরার কৃষিভিত্তিক অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান, বায়ার-সেলার মিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন সম্ভাব্য ক্রেতা অংশগ্রহণ করেন। পাশাপাশি কৃষক উৎপাদক সংস্থা (এফপিও), উদ্যোক্তা, উৎপাদক, প্রক্রিয়াজাতকারক ও রপ্তানিকারকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও ব্যবসায়িক আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার ফলস্বরূপ ১৮টি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে, যার সম্মিলিত সম্ভাব্য বাণিজ্যমূল্য প্রায় ১১ কোটি টাকা।
মন্ত্রী বলেন, এই সাফল্য প্রমাণ করে যে ত্রিপুরার কুইন আনারসের গুণগত মানের প্রতি শিল্পমহল ও ব্যবসায়ীদের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নতুন বাজার সৃষ্টি হবে, কৃষকদের উৎপাদিত আনারসের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার সুযোগ বাড়বে এবং রাজ্যের কৃষি-রপ্তানি ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল-২০২৬ শুধু একটি উৎসব নয়, বরং এটি কৃষক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারক, রপ্তানিকারক এবং ক্রেতাদের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের প্রিমিয়াম উদ্যানজাত পণ্যকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রেও এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এদিকে, উৎসবের দ্বিতীয় দিনের সূচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এসময় একসঙ্গে অনুষ্ঠানটি শোনেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং উপস্থিত অন্যান্য অতিথিরা।
বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে আয়োজিত এই আন্তর্জাতিক মানের উৎসব ও বায়ার-সেলার মিট ত্রিপুরার কুইন আনারসকে নতুন বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সুফল সরাসরি রাজ্যের হাজার হাজার আনারসচাষীর কাছে পৌঁছাবে এবং ভবিষ্যতে ত্রিপুরার কৃষি-রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ