
ধর্মনগর (ত্রিপুরা), ২৮ জুন (হি.স.) : দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় খুলে দেওয়া হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ডিএনভি রোডে অবস্থিত টিজিটিএ (ত্রিপুরা গভর্নমেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন)-র মহকুমা কার্যালয়। রবিবার কার্যালয়ের তালা খোলাকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর সংগঠনের পতাকা পুনরায় কার্যালয়ের সামনে উত্তোলন করা হলে উপস্থিত শিক্ষক-কর্মচারী ও সমর্থকদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আগস্ট মাসে রাজনৈতিক অস্থিরতার আবহে কার্যালয়টিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা অফিসে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করে এবং পরবর্তীতে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়। সেই সময় এলাকায় বিরাজমান রাজনৈতিক উত্তেজনা ও ভয়ের পরিবেশের কারণে সংগঠনের সদস্যরা কার্যালয়টি পুনরুদ্ধারের উদ্যোগ নিতে পারেননি। ফলে দীর্ঘ আট বছর ধরে কার্যত অচল অবস্থায় পড়ে ছিল অফিসটি।
রবিবার সকালে টিজিটিএ-র ধর্মনগর মহকুমা সম্পাদক রূপক ভট্টাচার্য্যের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এবং এলাকার বাসিন্দাদের সহযোগিতায় কার্যালয়ের তালা খোলা হয়। এরপর সারাদিন ধরে অফিস চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ভাঙাচোরা অংশ সংস্কারের প্রাথমিক উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংগঠনের পতাকা ও ব্যানারে সাজিয়ে তোলা হয় গোটা কার্যালয়। বহুদিন পর আবারও কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উড়তে দেখে উপস্থিত সদস্যদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিন রূপক ভট্টাচার্য্য বলেন, দীর্ঘ আট বছর কার্যালয় বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষা কর্মীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ড প্রত্যাশিতভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। একটি সংগঠনের নিজস্ব কার্যালয় না থাকায় বহু গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হয়েছে।
তিনি জানান, এখন থেকে এই কার্যালয়কে কেন্দ্র করেই সংগঠনের সমস্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বিভিন্ন সমস্যার সমাধান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি এখান থেকেই পরিচালিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও এই কার্যালয়কে সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
কার্যালয় পুনরায় চালু হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে টিজিটিএ-র ধর্মনগর মহকুমা কার্যালয় আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলেই আশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ