
কলকাতা, ২৮ জুন (হি.স.): কলকাতার ফুটপাত ও রাস্তার ধারে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রেল স্টেশনগুলিতে যেমন অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে, তেমনই কলকাতাতেও ফুটপাত ও রাস্তার ধারে বেআইনি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
দিলীপ ঘোষ বলেন, রেল স্টেশন হোক বা কলকাতার ফুটপাত ও রাস্তার ধারের জায়গা—এসব ব্যবসা করার জন্য নয়। যারা অবৈধভাবে এই জায়গাগুলি দখল করে ব্যবসা করছেন এবং অতীতে যাঁরা এই দখলদারিকে উৎসাহ দিয়েছেন, তাঁদের বিষয়টি বুঝতে হবে।
তিনি বলেন, ফুটপাত ও পথচারীদের চলাচলের রাস্তা সাধারণ মানুষের জন্য। যারা সরকার বা পুরসভাকে কর দেন, তাঁদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি।
মন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় অবৈধ দখলের কারণে বৈধ দোকানের প্রবেশপথ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। অথচ ওই দোকান মালিকরাও নিয়মিত কর দেন। এতে পথচারী ও বৈধ ব্যবসায়ী—উভয়েরই সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটেন, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এমনিতেই কলকাতার রাস্তায় যানজটের চাপ রয়েছে। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দিলীপ ঘোষ সতর্ক করে বলেন, অবৈধ দখলদাররা নিজেরাই ফুটপাত ও রাস্তার ধারের জায়গা খালি করে দিন। তা না হলে আইন অনুযায়ী রাজ্য সরকার ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, কলকাতায় দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল একটি বড় সমস্যা। শহরের একাধিক এলাকায় ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের রাস্তায় নেমে চলাচল করতে হয়। এর জেরে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনই যানজটও আরও তীব্র হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য