
মুর্শিদাবাদ, ২৮ জুন (হি.স.): মুর্শিদাবাদের কান্দিতে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ। ধৃতদের নাম সাইফুল শেখ ও হাবিবুর শেখ। তারা দুজনেই কান্দি থানার বাগআছড়ার বেণীপুরের বাসিন্দা।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ বাগআছড়ার বেণীপুর এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে সাইফুল ও হাবিবুরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে রবিবার কান্দি আদালতে তোলে পুলিশ। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই আগ্নেয়াস্ত্র তাদের কাছে কীভাবে এলো, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ