
আগরতলা, ২৮ জুন (হি.স.) : মনিষা দাস হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। একই সঙ্গে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সংগঠন।
রবিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মনিষা দাস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের শোকের বিষয় নয়, এটি সমগ্র সমাজের কাছে উদ্বেগের কারণ। এই ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত হওয়া জরুরি। তদন্তে কোনও ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব যাতে না পড়ে, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মহিলা কংগ্রেস নেত্রীরা।
সাংবাদিক সম্মেলনে রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, গার্হস্থ্য হিংসা, শ্লীলতাহানি এবং বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তাদের অভিযোগ, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, শুধু ঘটনার পর তদন্ত নয়, নারীদের বিরুদ্ধে অপরাধ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করাও সমানভাবে জরুরি। নারীদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
এদিন সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। তৃণমূল স্তরে মহিলা কংগ্রেসকে আরও শক্তিশালী করতে আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ অভিযান এবং নারী অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সাংবাদিক সম্মেলনের শেষে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পুনরায় দাবি জানানো হয়, মনিষা দাস হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজ্যের প্রতিটি নারী যাতে নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ