
কলকাতা, ৫ জুন (হি. স.) : ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, সম্প্রতি আই-লিগ জিতে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে এই ক্লাবটি।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ক্লাবের গঠন, আর্থিক উৎস এবং খরচের পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ক্লাবটি নিয়মনীতি মেনে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করা হবে।
ক্রীড়ামন্ত্রী আরও জানান, প্রয়োজনে ক্লাবের স্পনসর বা প্রাযোজকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ক্লাবের তহবিলে আসা টাকা কোথা থেকে আসছে এবং তা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তাও তদন্তের আওতায় থাকবে।
তিনি দাবি করেন, ডায়মন্ড হারবার এফসি যে মাঠে অনুশীলন করত, সেখানে অবৈধ দখলের অভিযোগ ছিল। প্রশাসন ইতিমধ্যে সেই মাঠটিকে দখলমুক্ত করেছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী জানান, রাজ্য ক্রীড়া দফতর এই তদন্ত শুরু করেছে এবং এই বিষয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই এফএ)-র সঙ্গেও আলোচনা চলছে। খুব দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর পাশাপাশি, ক্লাবের সঙ্গে যুক্ত কয়েকজন ফুটবলারের সরকারি চাকরি থাকা নিয়েও প্রশ্ন উঠেছে, যা খতিয়ে দেখছে দফতর। মন্ত্রী স্পষ্ট জানান, সরকার চায় সব ক্লাবই ভালো পারফর্ম করুক এবং এগিয়ে যাক, তবে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে খবর লেখা পর্যন্ত ডায়মন্ড হারবার এফসি বা ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সেই বিষয়টিরও তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি