আগামী তিন দিন অসমজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আইএমডির
গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : আগামী তিন দিন অসমব্যাপী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। আজ শুক্রবার জারিকৃত পূর্বাভাসে ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্
বৃষ্টিপাত_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : আগামী তিন দিন অসমব্যাপী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)।

আজ শুক্রবার জারিকৃত পূর্বাভাসে ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর বলেছে, এই সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে গুয়াহাটি সহ সংলগ্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ দফায় দফায় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা।

আইএমডি কর্তৃপক্ষ সতর্ক করেছেন, সম্ভাব্য ভারী বৃষ্টির ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা বাড়তে পারে, যান চলাচল ব্যাহত হতে পারে এবং পাহাড়ি ঢাল ও নিচু এলাকাগুলিতে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছেন, জেলা প্রশাসন এবং আপৎকালীন দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। যে কোনও প্রতিকূল আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এএসডিএমএ পরামর্শ দিয়েছে, প্রবল বৃষ্টিপাতের সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।

একাধিক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে নিত্য যাতায়াতকারী এবং দূরপাল্লার যাত্রীদেরও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিচু এলাকায় বসবাসকারী মানুষ এবং ভূমিধসপ্রবণ পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বন্যা বা পাহাড়ধসের সম্ভাব্য লক্ষণগুলির প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এএসডিএমএ কর্তৃপক্ষ।

এএসডিএমএ আরও জানিয়েছে, তাদের সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত আবহাওয়ার আপডেট এবং প্রয়োজনীয় সতর্কবার্তা প্রকাশ করা হবে। জনসাধারণকে সরকারি আবহাওয়া বুলেটিন ও নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande