
কলকাতা, ৫ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলি ব্লকের বৈকুণ্ঠপুর তরুণ সঙ্ঘ (বিটিএস)-এর উদ্যোগে মহাসমারোহে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনার (থিম) ওপর ভিত্তি করে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের সভাপতি কমল রঞ্জন মাইতি, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, আশা কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, কিশোরী বাহিনী এবং স্থানীয় গ্রামবাসীরা। একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়। নাচ, গান, সচেতনতামূলক বক্তব্য এবং শপথগ্রহণের মধ্য দিয়ে উপস্থিত সকলে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন।
এরপর একটি পথসভা ও স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়। কর্মসূচির পরিশেষে একটি বৃক্ষরোপণ অভিযান পালিত হয়। অনুষ্ঠান থেকে বিটিএস-এর 'কিশোরী বিকাশ শক্তি' প্রকল্পের সংগঠক গায়ত্রী জানা পরিবেশ রক্ষায় মা ও যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত