
শ্রীভূমি (অসম), ৫ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি এবং জলবায়ু-সহনশীল চাষাবাদের প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার শ্রীভূমির গর্দারাশি ও কেশরকাপন গ্রামে ‘খেত বাঁচাও অভিযান’ এবং বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে।
এবারের মূল ভাবনা ছিল ‘প্রকৃতির প্রেরণায় : জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। এদিন শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্র, জেলা কৃষি কার্যালয় এবং অসম কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্র, শ্রীভূমির যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. পি চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ-বান্ধব কৃষিপদ্ধতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. এমআর চৌধুরী কৃষকদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের কোনও বিকল্প নেই এবং এই রূপান্তরে কৃষকদের ভূমিকাই সবচেয়ে প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গর্দারাশি গ্রাম পঞ্চায়েতের সভাপতি মৌসম দাস, পঞ্চায়েত সদস্য মিঠুন দাস, বিষয়বস্তু বিশেষজ্ঞ (প্রাণী বিজ্ঞান) ড. জে সনোয়াল, বিষয়বস্তু বিশেষজ্ঞ (উদ্যানপালন) ড. পুরবী টি ফুকন এবং কৃষি সহকারী পরিদর্শক বিদ্যুৎ দাস।
অতিথিবৃন্দ ‘খেত বাঁচাও অভিযান’-এর প্রশংসা করে কৃষিজমি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচিতে গ্রামীণ যুবসমাজ, শিক্ষার্থী, কৃষক ও কৃষক মহিলা সহ মোট ১৩৩ জন উৎসাহী প্রতিযোগী ও দর্শক অংশ নেন। দিনভর পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, ভূমির সঠিক ব্যবহার এবং কৃষিজমি রক্ষার গুরুত্ব নিয়ে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষলগ্নে সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পরিবেশ রক্ষা এবং টেকসই কৃষির প্রসারে উপস্থিত সকলে মিলে একটি সম্মিলিত শপথ গ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস