
কলকাতা, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার বছরভর বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ দিন সকালে সল্টলেকের নলবনে সেই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ‘একটি গাছ মায়ের নামে ২০২৬’। নলবনে এ দিন বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, বিধায়ক পীযূষ কানোরিয়া, লকেট চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত এবং উচ্চপদস্থ সরকারি কর্তারা। বৃক্ষরোপণের পরে নলবন ভেড়িতে মাছের চারা ছাড়েন মুখ্যমন্ত্রী। এদিন এক্স মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, এই বিশ্ব পরিবেশ দিবসে, আসুন আমরা আমাদের ধরিত্রীকে রক্ষা করতে, প্রকৃতির যত্ন নিতে ও সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য সুস্থায়ী অভ্যাস গ্রহণ করার প্রতিজ্ঞা করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের আরও বেশি গাছ লাগাতে হবে, দূষণ কমাতে হবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ