
আরামবাগ , ১৫ জুলাই (হি.স.): বুধবার সকালে আরামবাগে চাঞ্চল্য ছড়ায় আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারকে গ্রেফতারকে কেন্দ্র করে। দুর্নীতি, তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে।
অভিযোগ, বাড়ি থেকে পুলিশ তাঁকে নিয়ে বের হওয়ার সময় এলাকায় উপস্থিত উত্তেজিত জনতার একাংশ চোর, চোর স্লোগান দিতে শুরু করে। সেই সময় বিক্ষুব্ধ জনতার কয়েকজন শিশির সরকারের উদ্দেশে ডিম ছুড়ে মারেন। ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশির সরকারের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই বুধবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগের বিষয়ে শিশির সরকার বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA