নাবালিকা পাচারের চেষ্টা ব্যর্থ, শিলিগুড়িতে উদ্ধার করল পুলিশ
শিলিগুড়ি, ১৫ জুলাই (হি.স.) : মালদা থেকে দুই নাবালিকাকে দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ দিয়ে পাচারের চক্রান্ত ব্যর্থ করে দিল পুলিশ। মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে ওই দুই নাবালিকাকে সুরক্ষিত উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্
নাবালিকা পাচারের চেষ্টা ব্যর্থ, শিলিগুড়িতে উদ্ধার করল পুলিশ


শিলিগুড়ি, ১৫ জুলাই (হি.স.) : মালদা থেকে দুই নাবালিকাকে দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ দিয়ে পাচারের চক্রান্ত ব্যর্থ করে দিল পুলিশ। মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে ওই দুই নাবালিকাকে সুরক্ষিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই নাবালিকাই মালদার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ হয় এবং তাদের দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়। পাচারকারীদের নির্দেশ মতো তারা ভুটান সীমান্তের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য একটি বাসে ওঠে। এদিকে, দুই নাবালিকা নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নৌকাঘাট এলাকায় বাসগুলিতে তল্লাশি শুরু করে। পরে জলপাইমোড় এলাকায় একটি সন্দেহভাজন বাস আটকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়। রাতেই তাদের পরিবারকে খবর দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ইংরেজবাজারের প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী থানায় পৌঁছান। তিনি উদ্ধার হওয়া নাবালিকাদের সঙ্গে কথা বলেন এবং পুলিশের এই দ্রুত ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রশাসনের সময়োচিত পদক্ষেপের ফলে এক বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। এই আন্তর্জাতিক পাচার চক্রের নেপথ্যে কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande