বিহারে ২১১টি ডিগ্রি কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি
ভাগলপুর, ১৫ জুলাই (হি.স.): বিহারে উচ্চশিক্ষার পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ হিসেবে বুধবার একযোগে ২১১টি নতুন ডিগ্রি কলেজের উদ্বোধন করা হয়েছে। ভাগলপুর জেলার গোরাডিহ ব্লকের কাশীল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বি
বিহারে ২১১টি ডিগ্রি কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি


ভাগলপুর, ১৫ জুলাই (হি.স.): বিহারে উচ্চশিক্ষার পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ হিসেবে বুধবার একযোগে ২১১টি নতুন ডিগ্রি কলেজের উদ্বোধন করা হয়েছে। ভাগলপুর জেলার গোরাডিহ ব্লকের কাশীল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের এই কলেজগুলির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে তিনি কাশীলের নবনির্মিত ডিগ্রি কলেজেরও আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাত্রী ও মহিলাদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে ছয়টি বিশেষ ‘পিঙ্ক বাস’-এরও উদ্বোধন করেন। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত বিক্রমশীলা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে তিনি জানান, আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে সেতুটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে যান চলাচলের উপযোগী করে খুলে দেওয়া হবে।

তিনি বলেন, নতুন কলেজগুলি চালু হওয়ায় রাজ্যের বহু ছাত্রছাত্রী, বিশেষ করে গ্রামীণ এলাকার পড়ুয়ারা নিজেদের এলাকার কাছেই উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এর ফলে শিক্ষার প্রসার যেমন বাড়বে, তেমনই ছাত্রছাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী সঞ্জয় সিং টাইগার, মুখ্যসচিব প্রত্যয় অমৃত, ডিজিপি বিনয় কুমার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। স্থানীয় সাংসদ অজয় কুমার মণ্ডল ও বিধায়ক শুভানন্দ মুখেশও অনুষ্ঠানে যোগ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন ডিগ্রি কলেজ চালু হওয়ায় বিশেষ করে এলাকার ছাত্রীদের আর উচ্চশিক্ষার জন্য দূরে যেতে হবে না। এতে গোটা অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande