
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): দিল্লিতে গবাদি পশুর গোবরের বৈজ্ঞানিক ব্যবহারের মাধ্যমে 'কম্প্রেসড বায়ো-গ্যাস' প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে বুধবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শহরের দুগ্ধ খামার বা ডেইরিগুলি থেকে নির্গত বর্জ্য যাতে যমুনা নদীতে না মিশতে পারে, তা নিশ্চিত করা। এর পরিবর্তে, এই বর্জ্যকে বায়োগ্যাস ও জৈব সারে রূপান্তর করা হবে।
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড-এর মডেল অনুযায়ী, ডেইরি ও গোশালাগুলি থেকে গোবর সরাসরি গ্যাস ও সার উৎপাদন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং একই সঙ্গে যমুনা নদীর তীরবর্তী এলাকার বর্জ্যের বৈজ্ঞানিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হবে। এই অনুষ্ঠানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং), দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ