
হুগলি , ১৫ জুলাই (হি.স.): শ্রীরামপুরের ঐতিহাসিক মহেশ রথযাত্রা উৎসবকে ঘিরে এ বছর উৎসাহ তুঙ্গে। রথযাত্রার একদিন আগে, বুধবার মহেশের শ্রীজগন্নাথ মন্দিরে পুজো দিতে পৌঁছান রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সেখানে তিনি ভগবান জগন্নাথদেবের আরাধনা করে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
পুজোর পর মন্দির প্রাঙ্গণে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালের সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করেন শিল্পমন্ত্রী। দুই নেতাকে একসঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হলেও এ বিষয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি তাপস রায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পমন্ত্রী জানান, এ বছরের মহেশ রথযাত্রা নিয়ে ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে আর্থিক সহায়তার পাশাপাশি একাধিক বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
তিনি ঘোষণা করেন, এ বছর প্রথমবারের মতো রথযাত্রার দিন হেলিকপ্টার থেকে ভগবান জগন্নাথদেবের রথের উপর পুষ্পবৃষ্টি করা হবে। এই আয়োজনকে আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তাপস রায় আরও বলেন, শিশুদের মধ্যে ঐতিহ্যবাহী ছোট রথ বিতরণ করা হয়েছে। মহেশ রথযাত্রার ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদাকে বিশ্বদরবারে তুলে ধরতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। মন্ত্রীর কথায়, বর্তমান রাজ্য সরকার মহেশ রথযাত্রাকে যে গুরুত্ব ও উৎসাহ দিচ্ছে, অতীতে এমনটা দেখা যায়নি।
উল্লেখ্য, মহেশের রথযাত্রা দেশের প্রাচীনতম রথযাত্রাগুলির অন্যতম। প্রতি বছর লক্ষাধিক ভক্ত ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শনে এখানে সমবেত হন। এ বছর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ঘোষণা ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA