
আগরতলা, ১৫ জুলাই (হি.স.) : সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমস্যার কথা সরাসরি জানার উদ্দেশ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। আগামী শুক্রবার থেকে তিনি বৈদ্যুতিক স্কুটি চালিয়ে নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হবেন বলে বুধবার জানিয়েছেন।
মেয়র জানান, প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পাড়া ও মহল্লায় গিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ, সমস্যা ও পরামর্শ শুনবেন। এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং নাগরিক পরিষেবার মান নিয়েও তিনি সরাসরি মানুষের সঙ্গে আলোচনা করবেন।
শুধু দিনের বেলাতেই নয়, সন্ধ্যার পরেও তিনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় যুবসমাজ ও ক্লাবগুলির মতামত ও চাহিদার ভিত্তিতে এলাকার উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
দীপক মজুমদার বলেন, রামনগর বিধানসভা কেন্দ্রের অনেক গলি ও সরু রাস্তায় চারচাকা গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব হয় না। বৈদ্যুতিক স্কুটি ব্যবহারের মাধ্যমে সহজেই প্রত্যন্ত ও অন্দরমহলের এলাকাগুলিতে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে। পাশাপাশি এতে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক স্কুটি পরিবেশবান্ধব, দূষণমুক্ত এবং অপেক্ষাকৃত নিরাপদ যানবাহন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সবুজ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বানে সাড়া দিয়েই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।
মেয়রের এই সিদ্ধান্তকে রামনগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে তাঁদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ