কলকাতায় দেশের প্রথম ‘শব্দ সংগ্রহালয়’-এর উদ্বোধন, ভাষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয়: অমিত শাহ
কলকাতা, ১৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রবিবার পশ্চিমবঙ্গের কলকাতার জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে ভারতের প্রথম ‘শব্দ সংগ্রহালয়’ -এর উদ্বোধন করলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় গ্রন্থাগার দ্বারা তৈরি এই সংগ
শব্দ সংগ্রহালয়


কলকাতা, ১৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রবিবার পশ্চিমবঙ্গের কলকাতার জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে ভারতের প্রথম ‘শব্দ সংগ্রহালয়’ -এর উদ্বোধন করলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় গ্রন্থাগার দ্বারা তৈরি এই সংগ্রহালয়টি দেশের ভাষাগত ঐতিহ্য, লিপি এবং সাহিত্যিক পরম্পরাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত রূপ দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, যেকোনো দেশের ভাষা তার সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের প্রধান পরিচয়। ভাষার মধ্য দিয়েই একটি রাষ্ট্রের সভ্যতা এবং তার জীবনবোধকে অনুধাবন করা সম্ভব। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে নিজেদের মাতৃভাষার পাশাপাশি অন্তত আরও একটি ভারতীয় ভাষা শেখার আহ্বান জানান, যাতে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও ভালোভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।

গ্রন্থাগারের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, একটি দেশের ভবিষ্যৎ শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যার ওপর নির্ভর করে না, বরং কত মানুষ জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরি ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করে। পড়ার অভ্যাসই সমাজকে সমৃদ্ধ করে তোলে।

এদিন বাংলার বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করে অমিত শাহ বলেন, এই পূণ্যভূমি দেশকে বহু মহান সাহিত্যিক, বিজ্ঞানী, বিপ্লবী এবং মণীষী উপহার দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, পশ্চিমবঙ্গ আবারও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, গত ৯ মাস ধরে তিনি পশ্চিমবঙ্গের প্রগতির ওপর নজর রাখছেন এবং এই রাজ্য দেশের আলোকবর্তিকা হয়ে উঠছে। রাজ্যের বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করে শাহ বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোনার বাংলা গড়ার সংকল্প অবশ্যই বাস্তবায়িত হবে।

অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো ৯টি গ্যালারি

এই সংগ্রহালয়ের প্রথম ধাপে ভারতীয় ভাষা, লিপি এবং সাহিত্যের বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে। এটিকে কোনো সনাতনী প্রদর্শনী হলের পরিবর্তে একটি আধুনিক অভিজ্ঞতামূলক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে ডিজিটাল ডিসপ্লে, হোলোগ্রাম, মোশন সেন্সর এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা ভারতীয় ভাষার বিবর্তনের ইতিহাসকে খুব কাছ থেকে দেখতে ও অনুভব করতে পারবেন।

এই শব্দ সংগ্রহালয়ে মোট ৯টি গ্যালারি তৈরি করা হয়েছে, যা ভারতীয় ভাষার ইতিহাস, বিভিন্ন লিপি, সাহিত্য এবং ভারতীয় সভ্যতার ওপর তাদের প্রভাবকে প্রদর্শন করে। ভারতের সংবিধানের অষ্টম তপশিলভুক্ত ২২টি ভাষার সমৃদ্ধ ঐতিহ্যকে মৌখিক পরম্পরা, প্রাচীন পাণ্ডুলিপি, মুদ্রিত সাহিত্য থেকে শুরু করে আধুনিক ডিজিটাল মাধ্যম পর্যন্ত দীর্ঘ যাত্রাপথের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। নতুন প্রজন্মের সামনে ভারতীয় ভাষাকে একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তুলে ধরা এবং দেশের ভাষাগত বৈচিত্র্যকে সংরক্ষণ ও জনপ্রিয় করে তোলাই এই সংগ্রহালয়ের মূল উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande