
হাইলাকান্দি (অসম), ২ জুলাই (হি.স.) : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট আইএএস জয় বিকাশ আসন্ন এপিএসসি-র কম্বাইন্ড কম্পিটিটিভ (প্রিলিমিনারি) এগজামিনেশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির পরীক্ষা গ্রহণ কেন্দ্র এসএস কলেজের চারপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন।
জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইলাকান্দির নির্ধারিত পরীক্ষাকেন্দ্র শ্রীকিষণ সারদা কলেজের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ থাকবে।
আগামী ৫ জুলাই (২০২৬, রবিবার) অনুষ্ঠেয় মর্যাদাপূর্ণ রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি), খানাপাড়ার সচিবের পক্ষ থেকে প্রেরিত অফিশিয়াল নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।
হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জয় বিকাশ কর্তৃক জারিকৃত নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার দিন, অর্থাৎ ৫ জুলাই সকাল ৮-টা থেকে সন্ধ্যা ৬-টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়কালে, ১০০ মিটার পরিধির মধ্যে সাধারণ জনগণের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র পরীক্ষার্থী, দায়িত্বরত পুলিশ কর্মী এবং পরীক্ষা পরিচালনার সাথে সরাসরি যুক্ত সরকারি আধিকারিক এবং কর্মচারীদের এই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই নির্দেশ অমান্য করলে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ২২৩ ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস