
ভুবনেশ্বর, ২ জুলাই (হি.স.) : টানা ভারী বৃষ্টির কারণে ও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে ৩ জুলাই কন্ধমাল জেলার সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার জেলা শাসকের জারি করা নির্দেশে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ৩০(২)(ভি) ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থেই একদিনের জন্য নিয়মিত ক্লাস স্থগিত রাখা হয়েছে।
তবে প্রশাসন স্পষ্ট করেছে, পূর্বনির্ধারিত পরীক্ষা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম যথারীতি চলবে। শুধুমাত্র নিয়মিত শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ থাকবে।
জেলা শিক্ষা আধিকারিককে (ডিইও) নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবক, পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষকে আবহাওয়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
এদিকে, টানা মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্ধারিত দু'দিনের ওড়িশা সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে তাঁর সফর শুরু হওয়ার কথা ছিল। বিজেপি সাংসদ প্রদীপ পুরোহিত জানান, খারাপ আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফরকালে অমিত শাহের একাধিক সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। আবহাওয়া স্বাভাবিক হলে নতুন করে সফরের দিনক্ষণ ঘোষণা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য